তুরাগ নদীর খালে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু 

গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদীর খালসংলগ্ন জলাশয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ দু’টি টঙ্গী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম বলেন, ‘‘দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের মৃত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।’’ 

এর আগে, রবিবার (১১ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন বাকরাল গ্রামসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ওইদিন বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় মরদেহ দু’টি উদ্ধার করে। 

নিহতরা হলো, পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানি গ্রামের সুমাইয়া (৮) এবং আব্দুল্লাহ (৬)। তারা পরিবারের সঙ্গে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের বাকরাল গ্রামের মাসুমের বাড়িতে ভাড়া থাকত। 

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাছ উদ্দিন ফরাজী বলেন, ‘‘রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুমাইয়া ও আব্দুল্লাহ স্থানীয় আরেক শিশুর সঙ্গে বাকরাল এলাকার তুরাগ নদীর খালসংলগ্ন জলাশয়ে গোসল করতে নামে। খালে সাঁতার কাটার সময় প্রবল স্রোতে তিন শিশু ভেসে যায়। খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন ভাই-বোন। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও সুমাইয়া ও আব্দুল্লাহ পানিতে তলিয়ে যায়।’’

পরে তীরে উঠে আসা শিশুটি নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়। স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌছে খালে উদ্ধার তৎপরতা শুরু করেন। বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে দুই শিশুকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয় বলে জানান তিনি। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘‘কোনও ধরনের আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’