রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ

রাজধানীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিনন্দন গ্রাফিতিতে চুনকালি লেপে দিয়ে বিকৃত করার ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার মোমবাতি প্রজ্বলন করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর সামনে সোনালী সকাল সংগঠনের আয়োজনে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সংস্কৃতি, সাহিত্যিক কবি, সাংবাদিক ও প্রগতিশীল সংগঠনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

মোমবাতি প্রজ্জলনকালে বক্তব্য রাখেন, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক আব্দুর নূর, রবীন্দ্র সঙ্গীত সম্মিলিত পরিষদের সহ-সভাপতি ডা. অরুণাভ পোদ্দার, সোনালী সকাল সংগঠনের প্রতিষ্ঠাতা ফাহিম মুনতাছির, সাধারণ সম্পাদক রূপক রূপ প্রমুখ। 

​মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে বক্তারা বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুর কেবল কোনো একক কবি নন; তিনি আমাদের বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আত্মপরিচয়। এই ঘৃণ্য কাজ যারা করেছে, তারা অপসংস্কৃতি ও উগ্রতার ধারক-বাহক।’’ 

​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘অতীতেও বিভিন্ন সময় শিল্প-সংস্কৃতির ওপর এমন আক্রমণ, আঘাত চালানো হয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সচেতন জনগণ চিরকালই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে এসেছে এবং কোনো অবস্থাতেই এমন ন্যাক্কারজনক ঘটনা সহ্য করা হবে না।’’