কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ আদালতের বিচারক নাদিরা সুলতানা জনাকীর্ণ আদালতে ২১ জন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলাম মুনীর এবং কুষ্টিয়া জজ আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর আসামিদের কড়া পুলিশি নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। পথিমধ্যে স্থানীয় একটি কলাবাগানের পাশে ফাঁকা জায়গায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তাকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার দুই দিন পর নিহতের ভাই বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে কুমারখালী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক কামাল হোসেন ২০১৩ সালের ৯ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জনকে খালাস এবং অন্য ২ জনকে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন।
আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।