৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন। ইতোমধ্যে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা।

এজাহারে বলা হয়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধার বসতঘরের আশপাশে ঘোরাফেরা করতেন এবং নানাভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন দুপুরে বৃদ্ধা ঘরে একা শুয়ে ছিলেন। এ সুযোগে অভিযুক্ত কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই সময় এক প্রতিবেশী বৃদ্ধার সঙ্গে দেখা করতে এসে সন্দেহ হওয়ায় ঘরে ঢোকেন। সেখানে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি চিৎকার শুরু করেন। এতে অভিযুক্ত দ্রুত পালিয়ে যান।

ভুক্তভোগীর ছেলে জানান, ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কোনো সমাধান না হওয়ায় পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় গিয়ে মামলা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।”