Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধে প্রতিবেশীদের হামলায় নিহত ১, আহত ২

মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

নওগাঁর মান্দায় গরুর বাছুর খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ভাই আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন তার স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তারা নওগাঁ সদর হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি গরুর বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা চালান। মারধরে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলামও মারধরে আহত হন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।“

   

About

Popular Links

x