দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, জেনে নিন রুট

শারদীয় দুর্গাপূজায় ঘরমুখী যাত্রীদের চাপ সামলাতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 
একই সঙ্গে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে পাঁচটি ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক বন্ধ বা অফ ডে বাতিল করা হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান। এর আগে, ১১ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পূজার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

যেসব রুটে চলবে বিশেষ ট্রেন

আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে টুরিস্ট স্পেশাল-১ ও ২ চলাচল করবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

এছাড়া, ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকি বাড়ানো হবে। একইসঙ্গে ট্র্যাক ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে রেলপথে পেট্রোলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।