রংপুর নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মহানগর মেট্রোপলিটান আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী ও দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।
রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কুমার চ্যাটার্জি দুই পুলিশ সদস্যকে মাদকসহ গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরীর পায়রা চত্বর এলাকায় অবস্থিত স্কাই ভিউ হোটেলের ৭ম তলায় ৭১০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে দুই পুলিশ সদস্য ওমর আলী ও মিথুল ইসলামকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ওই কক্ষের খাটের নিচ থেকে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের পাইপ, ৪টি গ্যাস লাইট ও ২টি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে দুই আসামিকে পুলিশে সোপর্দ করা হয়।
এর আগে, ওমর আলী চাকরি অবস্থায় মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমাসে তিনি বরখাস্ত রয়েছেন। অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
এ ঘটনায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রংপুর অফিসের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।