প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন‌ ‘শিশু হাসপাতালের কক্ষে বসে ধূমপান করছেন চিকিৎসক’

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট চিকিৎসকের কক্ষটিও চরম অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান। কর্মস্থলে এই ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসককে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের শিশু হাসপাতালটি আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ সশরীরে ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। একই সঙ্গে চিকিৎসা কর্মপরিবেশ ও সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করলে তাকে প্রকাশ্যে ধূমপান করতে দেখেন। ধূমপানের পাশাপাশি চিকিৎসকের কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। একটি অতি সংবেদনশীল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্বরত অবস্থায় চিকিৎসকের এমন অপেশাদার আচরণে চরম অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশের পরপরই হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক অভিযুক্ত সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, হাসপাতালগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে। এ ছাড়া চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের অত্যন্ত দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের কঠোর নির্দেশ প্রদান করেন তিনি।