খুলনা মহানগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় ৩ ঘণ্টার ব্যবধানে পৃথক ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
পুলিশ জানায়, ভোর পৌনে ৬টার দিকে ফুলবাড়ি রেল লাইন পার হচ্ছিলেন সিয়াম। এসময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসে ধাক্কা লাগে। এতে বাম হাত ও পা এবং মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খালিশপুর আলমনগর এলাকার খবির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন কাউকে কিছু না জানিয়ে সকালে বাড়ি থেকে বের হন। রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফুলবাড়ি মেইন গেটে পৌঁছান।
সকাল ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। এতে তার একটি পা ও মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে তার পরিবারকে খবর দেওয়া হয়।
রেলওয়ে থানার এসআই এসএম রায়হান বলেন, “জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে। দু’জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”