কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও দুই ছেলে-মেয়েসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
রৌমারী থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, “আমি ঘটনাস্থলে আছি। দুই নারী ও এক পুরুষসহ তিনজনের মরদেহ হাসপাতালে পাঠিয়েছি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর নাম রিশাদ ও তুবা। তাদের বাবার নাম শহিদুল ইসলাম। শিশু দু’টির মা লিপি ও খালা শরিফার মৃত্যু হয়েছে। তারা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, “আমরা এ পর্যন্ত ৫ জনের মরদেহ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের মা ও খালা রয়েছেন। তবে অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোচালক বলে জানা গেছে।”