বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল টুলু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাঈদা কামাল প্রখ্যাত কবি সুফিয়া কামালের ছোট মেয়ে এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি সংস্থার আমরাই পারি’র চেয়ারপারসন সুলতানা কামালের ছোট বোন।
সুলতানা কামাল জানিয়েছেন, মঙ্গলবার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে সাঈদা কামালকে।
দেশের সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে দেশের চারুশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাঈদা কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চশিক্ষা নেওয়ার পর তিনি ভারতের শান্তিনিকেতনের কলাভবন থেকে নকশা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেন।
বাংলাদেশ ছাড়াও বিদেশে তার বেশ কিছু একক ও যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সাঈদা কামাল তার বড় বোন সুলতানা কামালের সঙ্গে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে সেবিকার দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র’ লাভ করেন।