২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৮ চুক্তি

দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে আগামী ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাইপ্রোফাইল এই সফরে দুই দেশের মধ্যে অন্তত আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে কমপক্ষে চারটি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা চূড়ান্তভাবে সই হতে পারে বলে আশা করছে ঢাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের সার্বিক বিষয় তুলে ধরে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর, সুদৃঢ় এবং সময়োপযোগী করার এক নতুন সুযোগ তৈরি হবে। সফরকালে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মতো নতুন নতুন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহায়তার পরিধি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সফরের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক এবং 'জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম'-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এ ছাড়া জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সভাপতি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের সম্ভাব্য কর্মসূচি রয়েছে।

সফরসূচিতে চিবা শহরের এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র, নিউক্লিয়ার হেডকোয়ার্টার্স এবং নাগোয়া শহরে টয়োটার কারখানা পরিদর্শনের কথাও রয়েছে।