যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের খাজুরা গ্রামে পুলিশের একটি বিশেষ দল প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক একটি আভিযানিক দল নিয়ে উপজেলার খাজুরা এলাকায় অভিযান পরিচালনা করে এ স্বর্ণের চালানটি আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায়, খাজুরা গ্রামের ‘প্রাইম ব্রিকস’ নামের একটি ইটভাটাসংলগ্ন নাভারণ-সাতক্ষীরা সড়কের উপর থেকে আলাউদ্দীনকে আটক করা হয়। তিনি শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের বাসিন্দা। পরে তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় মোটরসাইকেলসহ আলাউদ্দিনকে আটক করে থানায় আনা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি টাকা।

যশোরের শার্শা উপজেলার নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ হোসেন জানান, ভারতে পাচারকালে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের নেতৃত্বে ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারের একটি চালানসহ পাচারকারীকে আটক করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা করা হয়েছে এবং আটক আলাউদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।