রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় রায়হান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রেললাইনের পাশে হাঁটার সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার বন্ধু আকাশ।

আকাশ জানান, সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন রায়হান। এ সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পাশে পড়ে যান। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

আকাশ আরও জানান, রায়হান মহাখালী রেলগেটের একটি খাবার হোটেলে কাজ করতেন। তিনি সেখানকার একটি মেসে থাকতেন। তার বাড়ি বরিশালে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রায়হানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।