রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে স্থানীয় দুই সংগঠনের ডাকা অবরোধ চলাকালে পর্যটকদের আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাজেকের উজো বাজার এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনার প্রায় ঘণ্টাখানেক পর আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরবর্তীতে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে উজো বাজার এলাকায় পর্যটকবাহী যানবাহন আটকে দেয় অবরোধকারীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ওসি আরও বলেন, “এক পর্যায়ে পাহাড়ের ইউপিডিএফ (ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর সশস্ত্র কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে দুই পক্ষের মধ্যে বেশ কিছু সময় ধরে গোলাগুলি চলে। পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে আটকে পড়া পর্যটকদের নিরাপদে বের করে নিয়ে আসা হয়।”
পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক মুখপাত্র বলেন, “ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ এবং গোলাগুলি চালানো হয়েছে।”