দাম্মাম বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে দাম্মাম-রিয়াদের সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনায় দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম রুটের ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে, রিয়াদ রুটের সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় রিয়াদ রুটেও ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়ানো হয়েছে।

ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং সেখান থেকে দেশে ফিরতে পারবেন।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।