Wednesday, October 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

রিয়াদে চালু হচ্ছে বিমানের ফ্লাইট, আগামীকাল শুরু হচ্ছে দাম্মাম রুটেও

সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমানের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দীর্ঘ দুই সপ্তাহ স্থগিত থাকার পর আগামী ২৫ অক্টোবর (রবিবার) থেকে আবারও সেখানে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে চালু হচ্ছে দাম্মাম রুটের স্থগিত হওয়া ফ্লাইটও।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমানের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। রিয়াদগামী অন্যান্য নিয়মিত ফ্লাইটের বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। ওই ঘটনার পর বিমানবন্দরটিতে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটে বিমানের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত থাকা দাম্মাম রুটেও আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে পুনরায় শুরু হচ্ছে ফ্লাইট পরিচালনা। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট পরিচালিত হবে।

এছাড়া জেদ্দা রুটে ২২ অক্টোবর দুটি এবং ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। অন্যদিকে, মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা পূর্বের সূচি অনুযায়ী সম্পূর্ণ স্বাভাবিক ও অপরিবর্তিত রয়েছে।

ফ্লাইট সূচির হালনাগাদ তথ্য জানতে ও টিকিট বুকিং সংক্রান্ত প্রয়োজনে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x