কানাডায় অভিবাসন জালিয়াতির ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তদন্তে ২০৯ জন বাংলাদেশির ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার (টিআরভি) আবেদনে জালিয়াতির তথ্য উঠে এসেছে।
দেশটির সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, অভিযুক্ত চারজন হলেন রাসেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম। গত ২২ অক্টোবর তারা ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে রয়েছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সিবিএসএ জানায়, ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মার্সিয়ে শহরের একটি ব্যক্তিগত বাসভবনে তল্লাশি ও যাচাই কার্যক্রম চালানো হয়। এতে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে শহরের পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও অংশ নেন। সেখানে কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের কয়েকটি আলামত পাওয়ার পর ওই বছরের আগস্টে তদন্ত শুরু হয়।
তদন্তে দেখা যায়, ২০৯ জন বাংলাদেশির জন্য ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার আবেদন জমা দেওয়া হয়েছিল। এসব আবেদনে কানাডার নাগরিকদের আমন্ত্রণকারী হিসেবে দেখানো হয়। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, জাল কাগজপত্র ও মিথ্যা তথ্য ব্যবহার করে বাংলাদেশিদের ভিসা পেতে সহায়তা করার জন্য একটি পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।
২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওতে চারটি তল্লাশি পরোয়ানা কার্যকর করেন তদন্তকারীরা। এ সময় সংগ্রহ করা নথিপত্র ও কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন আলামতে পাঁচজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
জালিয়াতির ঘটনাটির ব্যাপকতা ও জটিলতা বিবেচনায় তদন্তকারীরা সবচেয়ে শক্তিশালী প্রমাণ রয়েছে, এমন ৭৯টি ভিসা আবেদনের ওপর গুরুত্ব দেন।
যেসব অভিযোগ আনা হয়েছে
অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ, এক বা একাধিক ব্যক্তিকে কানাডায় প্রবেশে সহায়তার জন্য ষড়যন্ত্র করা। দেশটির অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইনের ১১৭(১) ও ১১৭(৩) ধারায় এটি অপরাধ।
দ্বিতীয় অভিযোগ, অভিবাসন আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা ভুল তথ্য দিতে জেনেশুনে অন্যদের প্ররোচিত করা বা সহায়তা করা। এ ক্ষেত্রে আইনের ১২৬ ধারা ও ১২৮(ক) অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে।
তৃতীয় অভিযোগ, কানাডার অভিবাসন আইন লঙ্ঘনে জেনেশুনে অন্যদের প্ররোচিত করা বা সহায়তা করা। আইনের ১৩১ ধারা ও ১১৭(৩) ধারায় এটিও অপরাধ।
আদালতের যাচাই ও অনুমোদনসাপেক্ষ তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে বলে সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে। তবে অভিযোগগুলো আদালতের যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।