ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা উপজেলার একটি গ্রাম থেকে ম্যাগাজিনের চার্জার ক্লিপ ও ৯ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করে কসবা থানা পুলিশ।
শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠোডা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ডেকোরেটর কর্মী।
কসবা থানা সুত্রে জানা যায়, শনিবার অভিযুক্ত শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানের লাইটিংয়ের কাজ করেন। বিকেলে কাজ শেষে ভারত সীমান্তবর্তী জয়নগর বাজারে যান। এ সময় শামিমের হাতে থাকা ৯ রাউন্ড গুলি ও চার্জার ক্লিপগুলো ওই এলাকার বাসিন্দা ছুটিতে বাড়িতে আসা চট্রগ্রামে আরআরএফে কর্মরত পুলিশ সদস্য মাহমুদুল হাসানের চোখে পড়ে। পরে তিনি শামিমের কাছে জানতে চান, এ গুলিগুলো তিনি কোথায় পেয়েছেন।
শামিম মিয়া তখন জানান, খিরনাল এলাকায় লাইটিংয়ের কাছ শেষে আসার পথে জয়নগর বাজারের পাশে রাস্তায় তিনি এগুলো পেয়েছেন। তখন ওই পুলিশ সদস্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে বিষয়টি অবহিত করেন। জরুরি সেবা থেকে কসবা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল জয়নগর বাজারে গিয়ে একটি চার্জার ক্লিপ ও ৯ রাউন্ড চায়না গুলি জব্দ করে। এছাড়া অভিযুক্ত শামিম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, জরুরি সেবা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলি জব্দ করে শামিম মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।