ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৭টি পাটের গুদাম ও ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। গুদামে থাকা প্রায় ৩,০০০ মন পাট ভস্মীভূত হয়েছে। প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ করেই আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাজারের ৭টি পাটের গুদাম, একটি চায়ের দোকান এবং দুইটি কাঁচামালের দোকান ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়।
বাজারের ব্যবসায়ী মাহমুদুল হাসান মামুন ও কাসেদ মণ্ডল জানান, রাত ৮টার দিকে হঠাৎ করেই পাটের একটি গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ৭টি পাটের গুদাম, একটি চায়ের দোকান এবং দুইটি কাঁচামালের দোকান ভস্মীভূত হয়ে যায়। প্রায় তিন হাজার মন পাট পুড়ে যায়। যার মূল্যে প্রায় দুই কোটি টাকা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি এখনও জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।