ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন, অতীতে যেমন ছিল, এখনও ফ্যাসিবাদী শক্তির এই ধরনের অপপ্রয়াস অব্যাহত রয়েছে। তবে বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ কোনো অপশক্তি বা গণহত্যাকারীকে দেওয়া হবে না।

রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করার জন্য বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুসারে প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যেই কয়েক দফা আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে আমাদের অবস্থান সম্পূর্ণ পরিষ্কার।”

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তা মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলনের পর থেকেই বিগত দিনের এই ফ্যাসিবাদী শক্তির নানা ধরনের অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি আরও বলেন, “বাংলাদেশে কোনো অস্থিরতা বা নৈরাজ্য সৃষ্টির সুযোগ কোনো অপশক্তি, পতিত শক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে আমরা দেব না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং শত শত নাগরিকের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের কোনো অপতৎপরতা বাংলাদেশের মাটিতে চলতে দেওয়া হবে না।”