ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’ এখন থেকে যাবে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত।
সোমবার (২৬ অক্টোবর) বর্ধিত পথের প্রথম যাত্রায় রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনটি প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশে রওনা হবে।
রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সোমবার রাতে কমলাপুর স্টেশনে উপস্থিত থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনের এই বর্ধিত রুটের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, ট্রেন চলাচলের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলার সময় যেসব স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি ছিল, শুধু সীতাকুণ্ডের কুমিরা স্টেশনটি বাদে বাকি সব স্টেশনেই থামবে ট্রেনটি। প্রথম যাত্রায় আগের মতোই ১৬টি কোচ থাকবে এবং যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে পরবর্তীতে কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ২টা ৪০ মিনিটে। ২০ মিনিটের বিরতি শেষে রাত ৩টায় ছেড়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি যাত্রায় কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে চট্টগ্রাম হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে। ঢাকা-কক্সবাজার পুরো রুট অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে সাড় ৯ ঘণ্টা।
যাত্রাপথে ট্রেনটি ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট এবং ফেনী স্টেশনে যাত্রাবিরতি দেবে।
বর্তমানে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ চট্টগ্রাম ছাড়া অন্য কোনো মধ্যবর্তী স্টেশনে থামে না। ফলে মহানগর এক্সপ্রেস কক্সবাজার পর্যন্ত বর্ধিত হওয়ায় এই মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের জন্য কক্সবাজার যাতায়াত আরও সুবিধাজনক হবে।
সাপ্তাহিক বন্ধের দিন রোববার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন মহানগর এক্সপ্রেস এই রুটে নিয়মিত চলাচল করবে। ১৬টি কোচের এই ট্রেনে আসন সংখ্যা রয়েছে সর্বোচ্চ ৭৩৬টি।