সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।
আদালতে আসামিপক্ষে আইনজীবী আল ইমরান মুকুল জামিন চেয়ে শুনানি করলেও রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আদালতের শুনানিকালে সাবেক এই সংসদ সদস্যকে এজলাসে তোলা হয়নি।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী একটি মিছিল বের করেন। ওই মিছিলে তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালান। ওই ঘটনার দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।