প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

রবিবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত। 

এ এম এম তৌহিদুর রশিদ জানান,  দুপুরে সোনালী ব্যাংক কালিয়াকৈর শাখায় তার বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাব থেকে ৫ লাখ টাকা তোলেন তিনি। ব্যাগ থেকে উঠিয়ে মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার তাদের অটোরিকশার গতিরোধ করে। 

এ সময় প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়  এক ছিনতাইকারী। এরপর দ্রুত গতিতে টাঙ্গাইলের দিকে চলে যায় প্রাইভেটকারটি। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন তৌহিদুর রশিদ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “টাকা ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।”

এ ঘটনায় থানায় ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন জানিয়ে তিনি বলেন, “জড়িতদের গ্রেপ্তারে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে।”