গাজীপুরে এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে (১৫) অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছে শিক্ষার্থীর বাবা।
রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে ওই শিক্ষার্থীর বাবা থানায় মামলা দায়ের করেন। মামলায় মাদ্রাসার পরিচালকসহ তার আরও চার সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে।
মাদ্রাসাটির পরিচালক ময়মনসিংহ সদর উপজেলার চর বওলা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি গাজীপুরের জয়দেবপুর থানার স্থানীয় দু’টি মাদ্রাসার পরিচালক ও প্রধানশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলায় অপর চার আসামিরা প্রত্যেকেই জয়দেবপুর থানার বাসিন্দা। তাদের সহায়তায় ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। অপহৃত ওই শিক্ষার্থী মাদ্রাসাটির ৮ম শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহারে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উল্লেখ করেন, দীর্ঘদিন যাবৎ আমার মেয়েকে প্রেম নিবেদন ও কু-প্রস্তাব দিয়ে আসছে মাদ্রাসা পরিচালক ও প্রধান শিক্ষক। শিক্ষকের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সে আমার মেয়েকে ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন সময় অপহরণের হুমকি দেয়। বিষয়টি আমার মেয়ে আমাকে জানালে তাকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেই এবং মাদ্রাসার পরিচালককে অন্যায় কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ করি।
এতে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা পরিচালক আমার মেয়েকে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি আমার মেয়েকে তার সহযোগীদের সহায়তায় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এদিকে, প্রধান আসামিসহ অপর চার আসামিদের মুঠোফোনে বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “মাদ্রাসা ছাত্রীকে অপহরণের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।”