বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজ সোমবার এটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতে পারে। এদিকে নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা-সংলগ্ন সাগর উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকায় বিরাজ করছে গুমোট আবহাওয়া।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপটি অবস্থান করছে। এটি পশ্চিম দিকে অগ্রসর হলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী এসব তথ্য নিশ্চিত করেন।
গত রবিবার মধ্যরাতে গভীর নিম্নচাপটির অবস্থান ছিল পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে ছিল এটি।
নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে। কেন্দ্রের আশপাশের সাগরও রয়েছে খুব উত্তাল অবস্থায়।
এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।