চুল কাটার টাকা নিয়ে বিরোধ, ভালুকায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম।

নিহত রবেন্দ্র ঋষি ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় কাশেমের বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন।

নিহতের স্ত্রী সূচিত্রা বলেন, স্থানীয় এক যুবক প্রায়ই রবেন্দ্রর কাছ থেকে টাকা নিতেন এবং চুল কাটিয়ে টাকা দিতেন না। কিছুদিন ধরে টাকা দেওয়া বন্ধ করা এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও ওই যুবক রবেন্দ্রকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন সূচিত্রা। তার দাবি, ওই বিরোধের জেরেই তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক সেলুনে ঢুকে প্রথমে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন। প্রাণ বাঁচাতে রবেন্দ্র দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে তিনি আরেকটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে উঠানে ফেলে আবারও তাকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।