কক্সবাজারের উখিয়ায় ১৪৪ ধারা জারি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মাটির নিচ থেকে টানা চার দিন ধরে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে। এ ঘটনায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আগুনের উৎসস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত টানা চার দিন ধরে এভাবে গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে। স্থানীয় আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাড়ির উঠানে নলকূপ স্থাপনের জন্য বোরিং করিয়েছিলেন। ওই বোরিংয়ের স্থান থেকেই গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে।

ঘটনার পর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি উৎসস্থলের চারপাশের ২০০ মিটার এলাকা কাঁটাতারের বেড়া ও লাল পতাকা দিয়ে ঘিরে রাখা হয়েছে। গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হলেও পরে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

তবে গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার দৃশ্য দেখতে মেরিন ড্রাইভে ঘুরতে আসা পর্যটকসহ দূরদূরান্ত থেকে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইনানীতে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতির যে প্রমাণ পাওয়া গেছে, তা যথাযথভাবে সংরক্ষণ ও উত্তোলনের ব্যবস্থা করা গেলে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। তবে গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইনানীতে আসা ভূতাত্ত্বিক জরিপ দলের পার্টি চিফ এস এম নাফেফুন আরহাম বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্যাসকে উন্মুক্তভাবে নির্গত হতে দিতে হবে। নির্গমনস্থলের আগুনের শিখা বন্ধ করা যাবে না। একই সঙ্গে গ্যাসের প্রবাহপথেও কোনো বাধা সৃষ্টি করা যাবে না। অন্যথায় ভূগর্ভে গ্যাস জমে উচ্চচাপে বিস্ফোরণ ঘটতে পারে এবং তা আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ১৫ দিন পর্যন্ত গ্যাসের প্রবাহ পর্যবেক্ষণ করতে হবে। প্রবাহ ধীরে ধীরে কমে এলে একসময় তা প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যাবে। তবে এ সময়ের মধ্যে প্রবাহ না কমলে বিশেষজ্ঞদের মতামত নিয়ে তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ইনানীতে গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলার ঘটনায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগুনের উৎসস্থল থেকে ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই এলাকায় আগুন জ্বালানো, ধূমপান এবং দিয়াশলাই বা লাইটার ব্যবহারসহ আগুনের ঝুঁকি তৈরি করতে পারে, এমন সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।