পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩

পাবনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শিশু-কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা বিলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমোড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০) এবং নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), নলমুড়া মালঞ্চি গ্রামের শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে অনেকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেলে বৃষ্টির মধ্যে বিলের একটি টঙ ঘরে আটজন আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ টঙ ঘরে পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে টের পেয়ে আশপাশের এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। তারা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।