গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম বলেন, ‘‘ছাত্রদল কোনও অন্যায় কাজ সমর্থন করে না। তার বিরুদ্ধে চুরিসহ আরো অনেক বিষয়ে অভিযোগ ছিলো। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’’
এর আগে, গত ২৭ অক্টোবর কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান ও জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাহেদ তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বাদী হয়ে সাহেদ সহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরদিন ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ। পরে বাদী-বিবাদীর সমঝোতার মাধ্যমে থানায় মুচলেকা দিয়ে মুক্ত হয় কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ। এরপর ৩০ অক্টোবর রাতে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।