এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই তারা কেবল অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।
শনিবার (৩১ অক্টোবর) ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই সিদ্ধান্তের কথা জানান।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার তারিখ, ফরম পূরণের সময়সূচি এবং ফি কত হবে, সে বিষয়ে বিস্তারিত আগামী ৩ নভেম্বরের মধ্যে জানিয়ে দেওয়া হবে।
এদিকে ঢাকা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা গ্রহণ করা যায় কি না, সে বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যেই এই পরীক্ষার ফলাফল প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরাও যথাসময়ে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ লাভ করতে পারেন।
উল্লেখ্য, প্রচলিত নিয়ম অনুযায়ী এসএসসির মতো এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাকে পুরো এক বছর অপেক্ষা করে পরের বছরের পরীক্ষায় অংশ নিতে হতো। তবে বর্তমান নিয়মের বেড়াজাল ভেঙে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বছর এইচএসসি পরীক্ষায় শুধু দুই বিষয়েই অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং ২ বিষয়ে ফেল করেছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী। নতুন এই সুযোগের ফলে তাদের দীর্ঘ এক বছর অপচয় হওয়া থেকে রক্ষা পাওয়ার পথ উন্মুক্ত হলো।