দুর্গম চর থেকে হাসপাতালে নেওয়ার পথে নদীতেই জন্ম নিল কন্যাসন্তান

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে চলন্ত নৌকায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দুর্গম চরাঞ্চলের এক নারী। মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ফুলছড়ি ইউনিয়নের কালুরপাড়া ঘাট ও ফুলছড়ি ঘাটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। প্রসূতি আকলিমা আখতার কালুরপাড়া গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, বাড়িতে আকলিমার প্রসববেদনা শুরু হলে তারা তাকে গাইবান্ধা শহরের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। চরের দীর্ঘ বালুপথ পাড়ি দিতে জলচৌকি ও বাঁশ দিয়ে মাচা বানিয়ে কাঁধে করে তারা কালুরপাড়া ঘাটে পৌঁছান। কিন্তু ঘাটে কোনো নৌকা না পেয়ে পরিবারটি চরম বিপাকে পড়ে।

ঠিক সে সময় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা “গণ উন্নয়ন কেন্দ্র” এর একটি কর্মীদল সহায়তায় এগিয়ে আসে। সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক রোকনুদ্দৌলা জানান, প্রকল্পের জরিপ কাজ শেষ করে তাদের দলটি নৌকায় গাইবান্ধা শহরে ফিরছিল। প্রসূতির স্বজনদের অনুরোধ ও রোগীর আশঙ্কাজনক অবস্থা দেখে তারা দ্রুত পরিবারটিকে নিজেদের নৌকায় তুলে নেন।

নৌকায় ওঠার পরই প্রসূতির প্রসববেদনা তীব্র হয়ে ওঠে। তখন নৌকায় থাকা নারী কর্মী ও প্রসূতির স্বজনেরা পরনের কাপড় দিয়ে চারপাশে আড়াল তৈরি করে নিরাপদ প্রসবের পরিবেশ করে দেন। ফুলছড়ি ঘাটের উদ্দেশে রওনা হওয়ার ৪০ মিনিটের মাথায় মাঝনদীতে নৌকার পাটাতনেই জন্ম নেয় কন্যাশিশুটি।

রোকনুদ্দৌলা বলেন, “মা ও শিশুকে নিরাপদ দেখে তারা ফুলছড়ি ঘাট থেকে পরিবারটিকে চরের বাড়িতে পৌঁছে দেই।“