চালু হয়েছে বন্ধ থাকা ৩ মেট্রো স্টেশন

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুরের তিনটি মেট্রো স্টেশন কয়েক ঘণ্টা বন্ধ ছিল। তবে দুপুর ২টার দিকে চলাচল স্বাভাবিক হয়।   

এর আগে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে রবিবার (১ নভেম্বর) দুপুরে বেলা ১২টার দিকে রাজধানীর পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন এই স্টেশনগুলোতে যাত্রী উঠা-নামা বন্ধ থাকে।

পোশাক শ্রমিকদের আন্দোলন এক পর্যায়ে সংঘর্ষে রূপ নিয়েছিল। আন্দোলনকালে স্টেশনের নিচে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় মেট্রোরেল পুলিশ ঝুঁকিপূর্ণ স্টেশনগুলোতে ট্রেন থামানো বন্ধ করার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ মেট্রোরেল স্টেশনগুলোর গেট বন্ধ করে দেয়। এসব স্টেশনে ট্রেন না থামিয়ে চলাচল করে। 

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) মো. নজরুল ইসলাম সংবাদমাধ্যম প্রথম আলোকে জানান, ঝুঁকি বিবেচনায় তিনটি স্টেশনে ট্রেন ‘স্কিপ’ করা হয়েছে। পর্যায়ক্রমে স্টেশনগুলো চালু করা হয়েছে। দুপুর ১টা ৫৮ মিনিটে মেট্রোরেলের চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। সবগুলো স্টেশন খুলে দেওয়া হয়েছে। ট্রেনও থামছে সব স্টেশনে।