হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু 

সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৮ জনের। তবে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। 


রবিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য নথিভুক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৩৫ জনের। সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৪৯ এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৫ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন। 

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৬৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে চট্টগ্রামে ২৬৪, সিলেটে ১২৬, বরিশালে ১২৯, ময়মনসিংহে ৮৯, খুলনায় ৮৯, রংপুরে ৫১ এবং রাজশাহীতে ৪১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। 

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। জেলা হিসাবে সিলেটের মৌলভীবাজার ও চট্টগ্রামের খাগড়াছড়িতে একজন করে মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।