শ্রমিকদের বিক্ষোভ

‘যারা অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের কঠোর হাতে দমন করা হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস মালিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গত কিছুদিন যাবত একটি পতিত স্বৈরাচারের পেছনের সমর্থিত কিছু পক্ষ দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। তবে এ ব্যাপারে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।”

মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত, আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে তাদেরকে কঠোর হাতে দমন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “শ্রমিক সংগঠনগুলোর দাবি এবং সরকারের ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কথা রয়েছে। এ প্রেক্ষিতে মালিকপক্ষের প্রতিনিধিরাও নাম দিয়েছেন।”

“শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নাম দিতে কয়েকদিন সময় নেওয়া হয়েছিল। গত পরশু রাতে তারা তাদের প্রতিনিধিদের নাম দিয়েছেন। শ্রমমন্ত্রী গতকাল সকালে যথাযথ প্রক্রিয়ায় প্রজ্ঞাপনের মাধ্যমে মজুরি বোর্ড গঠন করেছেন।”

এসময় পোশাক শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ড গতকালই (রবিবার) গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “খুব শিগগিরই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে এবং স্বল্পতম সময়ের মধ্যে মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা হতে পারে।”