জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের (ভূমি অফিস) সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দুদকের একটি বিশেষ দল ‘ফাঁদ অভিযান’ চালিয়ে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে আটক করে। সংস্থার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত সৈনিক মনিরুল ইসলাম ঢাকার লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগের মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন। এর মাধ্যমে তিনি মালিকদের পক্ষে আইনি কাজ পরিচালনার ক্ষমতা পান। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা আলাদা করা এবং নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন।
কিন্তু প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে নিয়মিত যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ শেষ করতে পারেননি তিনি। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। পরে কাজ সম্পন্ন করে দেওয়ার শর্তে সার্ভেয়ার আসাদুল ইসলাম তার কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন।
ভুক্তভোগী মনিরুল বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) লিখিতভাবে জানান এবং ঘুষের বিনিময়ে দুর্নীতিবাজ ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতার অনুরোধ করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ে নিয়মিত মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।