ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার স্টার ব্রিকস ও হাটিপাড়া এলাকার পিএইচবি ব্রিকসে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
এ সময় স্টার ব্রিকসের অবকাঠামো সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিয়ে দেড় লাখ টাকা এবং পিএইচবি ব্রিকসের অবকাঠামো আংশিক ভেঙে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, “ভাটাগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় স্টার ব্রিকস সম্পূর্ণ এবং পিএইচবি ব্রিকস আংশিক ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ভাড়ারিয়া ইউনিয়নের স্টার ব্রিকসে অভিযানের সময় ভাটাটির চিমনি ও অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র নেই। ইটভাটার মৌসুম শুরুর আগেই তাদের কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরও কার্যক্রম চালু রাখায় অভিযান পরিচালনা করা হয়েছে।”
ইউএনও জানান, গত ১৫ দিনে ধামরাইয়ে আটটি অভিযান চালিয়ে ১০টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।