গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলা, হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় থাকতেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে কাজ করতেন।

স্বজনেরা জানান, গত পাঁচ বছর ধরে তৌফিক বাংলাবাজার এলাকায় থেকে কারখানায় চাকরি করছিলেন। সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলন চলাকালে হামলার ঘটনা মুঠোফোনে ধারণের চেষ্টা করেন তিনি। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে। গুরুতর আহত তৌফিককে সহকর্মী শ্রমিকেরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “একজন শ্রমিক মারা গেছেন বলে শুনেছি। একটি কারখানা বন্ধ করার জন্য বহিরাগত লোকজন গিয়ে চাপ দেয়। কর্তৃপক্ষ কারখানা বন্ধ করতে রাজি না হলে বহিরাগতদের সঙ্গে ওই কারখানার শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।” ঘটনার সময় সেখানে পুলিশের কোনো সদস্য ছিলেন না বলেও জানান তিনি।