মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইশরাক

জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন এবার বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে এ কমিটি ঘোষণা করা হয়। 

নতুন এ কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। 

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আদেশের তারিখ থেকে নতুন অ্যাডহক কমিটি কার্যকর হবে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (২০২৬ সালের সংশোধনীসহ)-এর ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় বর্ণিত পরিষদের চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি গঠন করা হয়েছে একই আইনের ১৪(৩) ধারা অনুসরণে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের সিইও প্রকৌশলী মো. আব্দুল হালিম এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলমকে সহসভাপতি করা হয়েছে এ ছাড়া বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক শাহেদ ওয়াহেদ আলী সহসভাপতির দায়িত্ব পেয়েছেন।