হঠাৎ গুলির শব্দ পুলিশ ফাঁড়িতে, কর্মকর্তার মরদেহের পাশে পড়েছিল পিস্তল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত পিস্তল মাথায় ঠেকিয়ে গুলিতে জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) আত্মহত্যার খবর জানা গেছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সারকারখানা পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। 

তিনি ওই ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন। ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুরের স্থায়ী বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়,"প্রতিদিনের মতো জাহাঙ্গীর আলম ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন। হাঁটা শেষ করে তিনি ফাঁড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে কক্ষে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে তার ব্যবহৃত পিস্তলটি পড়ে ছিল।তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এই বিষয়টি এখনো স্পষ্টকরে জানাতে পারেননি কেউ।

ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, নিজের পিস্তলের গুলিতে ফাঁড়িতে থাকা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম আত্মহত্যা করেছেন। 

ঘটনাস্থলে আশুগঞ্জ থানা পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে। তিনি জানান নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।