ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি 

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মোট প্রাণহানি ৪৪৫ জনে দাঁড়ালো। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৪ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৮৬৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ সময়ে খুলনা বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, বরিশাল বিভাগে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২১২ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।