হ্নীলা ইউনিয়নের গহিন পাহাড় থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশকক্সবাজারের টেকনাফে ইয়াবা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার হ্নীলা ইউনিয়নের গহিন পাহাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোকতার কামাল (৪০) এবং ২ নম্বর ওয়ার্ডের আমতলী ঘোনা এলাকার মো. আকবর প্রকাশ আব্বুইয়া (৩৬)।
বুধবার (৪ নভেম্বর) সকালে পানখালী ভিলেজার পাহাড় থেকে মোকতার কামাল এবং মুরুং পাহাড় থেকে আকবরের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার হওয়া দুজন হলেন হোয়াইক্যং ডৈংগকাটা এলাকার আলী আহমদ এবং মো. ইলিয়াস।
উদ্ধার হওয়া মো. ইলিয়াসের দাবি, তিন থেকে চার দিন আগে হোয়াইক্যং তুলাতলি এলাকার মিজান এক লাখ পিস ইয়াবা তার মাদক ব্যবসার অংশীদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের চারজনের সঙ্গে চুক্তি করেন।
পরে তারা চারজন ইয়াবাগুলো নির্ধারিত গন্তব্যে নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা ৩০ হাজার পিস ইয়াবা ছিনিয়ে নেয়। এ ঘটনার পর ছিনিয়ে নেওয়া ইয়াবা উদ্ধার ও স্বীকারোক্তি আদায়ের জন্য মিজানের ভাড়াটে লোকজন তাদের চারজনকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
ইলিয়াসের ভাষ্য অনুযায়ী, তাদের গহিন পাহাড়ের একটি মাদক কারবারিদের আস্তানায় নিয়ে নির্যাতন করা হয়। একপর্যায়ে নির্যাতনে মোকতার কামাল ও আকবরের মৃত্যু হয়। পরে তাদের ফেলে রেখে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। সকালে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাড়া ও পাহাড়ি এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।“