গাজীপুরে ৬ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আদর্শ শিশু কানন স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন খানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভিকটিম শিশুকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আনোয়ার হোসেন পলাতক ও অনুপস্থিত ছিলেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তা সংশ্লিষ্ট থানায় পাঠিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন খান গাজীপুর মহানগরীর গাছা থানার শরীফপুর (ধানবাড়ী) এলাকার করিম খানের ছেলে। তিনি স্থানীয় আদর্শ শিশু কানন স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৩১ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে নার্সারি শ্রেণির ৬ বছরের ওই শিক্ষার্থী স্কুলে যায়। সকাল সোয়া ৯টার দিকে অন্য শিক্ষকরা ক্লাসে চলে যাওয়ার সুযোগে শিক্ষক আনোয়ার হোসেন শিশুটিকে অফিস কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বেলা ১১টার দিকে শিশুটি বাসায় ফিরে তার মাকে ঘটনাটি জানায়। প্রথমে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরিবারের সদস্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই বছরের ৫ সেপ্টেম্বর ভিকটিমের মা বাদী হয়ে গাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয় শিক্ষক আনোয়ার হোসেনকে এবং সহযোগিতার অভিযোগে ইংরেজি বিষয়ের শিক্ষিকা ফরিদা বেগমকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আজ আদালত মূল আসামি আনোয়ার হোসেনকে এই দণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিনা বেগম, যাকে আইনি সহায়তায় সহযোগিতা করেন আইনজীবী মহিউদ্দিন ও জাকির কাদের। আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আহসান উল্লাহ চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।