কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় ৪ নেতার নাম বাদ

বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মসফিকা হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের ব্যাপারে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন’ রয়েছে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস অদম্য বাংলা’।

‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’। ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

জানা গেছে, যে চার ব্যক্তির নামে চারটি জাহাজের নতুন নাম রাখা হয়েছে, তারা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে অভিযান পরিচালনা করতে গিয়ে তারা শহীদ হন।