বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। মারপিটে পুলিশ কর্মকর্তাসহ তিন সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়ার সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসান পিকআপ ভ্যান নিয়ে তাকে গ্রেপ্তার করতে ফুলবাড়িয়া গ্রামে যান।
পুলিশ সদস্যরা গোলাম কবির সুমনকে আটক করে গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজন তাদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে তাদের কাছে থেকে সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পিকআপ ভ্যানটিও ভাঙচুর করে।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বগুড়ার সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, ওয়ারেন্টের আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার লোকজন ‘মব’ সৃষ্টি করেন। তাদের মারপিটে কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ ব্যাপারে এসআই শিমুল কুমার দাস বাদী হয়ে থানায় মামলা করেছেন। চার নারীকে আটক করা হয়েছে।