রূপগঞ্জে মাদকের প্রতিবাদ করায় সাবেক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের প্রতিবাদ করায় আবুল কালাম নামের এক সাবেক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদক কারবারির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালামকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে উত্তর মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। সম্প্রতি শাহাদাত ও এমদাদুল নামে স্থানীয় দুজনকে মাদক কারবারের অভিযোগে পুলিশের হাতে তুলে দেন তিনি। এরপর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর তাকে উত্তর মাসাবোর একটি নির্জন বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন শাহজালালসহ ১০ থেকে ১৫ জনের একটি দল। তারা আবুল কালামকে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙে দেন এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর অভিযুক্ত শাহজালাল, শাহাদাত ও এমদাদুলসহ অন্যরা এলাকা ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়, খুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাবেক এক পুলিশ সদস্যের ওপর এমন হামলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”