যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (৭ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। কেউ ভিসার শর্তের অপব্যবহার করলে বা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।

এর আগে, গত ৩১ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভ্রমণকারীদের অ্যাডমিট আনটিল ডেটের (Admit Until Date) মধ্যেই দেশটি ত্যাগ করার কথা জানায় দূতাবাস। এ তারিখ জানতে ওয়েবসাইট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়।

এছাড়া, ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার আহ্বান জানিয়ে গত ২৮ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া ও চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে ভিন্ন ধরনের ভিসা প্রয়োজন।

ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব ভ্রমণকারীর নিজের বলেও উল্লেখ করে দূতাবাস।