বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তিন দিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
পুলিশ জানান, জিজ্ঞাসাবাদে ঘটনার দিন তাহসিফের সঙ্গে ঘোরাফেরা, বিভিন্ন স্থানে যাতায়াত এবং রেস্টুরেন্টে খাওয়াদাওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ। তবে হত্যাকাণ্ড সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব তিনি কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরব থেকেছেন বলে দাবি পুলিশের।
রিমান্ড আবেদনে পুলিশ জানায়, ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপ তাহসিফকে বাসা থেকে ডেকে নেন। এরপর তারা একটি মোটরসাইকেল গ্যারেজে যান। পরে জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর সিপি ফাইভ স্টারে নাশতা করেন। রাতে তিনজন উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান, যেখানে তারা বিয়ার পান ও ধূমপান করেন। একপর্যায়ে জেরিকা বাসায় ফিরে যান।
২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, এরপর তারা তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যান এবং সেখানে কয়েকজনকে দেখে আলাদা হয়ে যান।
সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্টসহ অন্যান্য তথ্য পর্যালোচনা করে পুলিশের দাবি, মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও জেরিকার সঙ্গেই দেখা গেছে। তদন্তের স্বার্থে রিমান্ডে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখে যাচাই-বাছাই চলছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জানান, রিমান্ড শুনানিতে তারা কোনো জামিন আবেদন করেননি। জিজ্ঞাসাবাদে দীপ সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। তার যুক্তি, প্রতিবার রিমান্ডে নেওয়ার পর চাঞ্চল্যকর তথ্যের কথা বলা হলেও কাউকে জোর করে স্বীকারোক্তি আদায়ের অধিকার নেই। আসামির মানসিক অবস্থাও বিবেচনায় নেওয়া উচিত বলে মত দিয়ে তিনি দীপের জামিন চান।