শামা ওবায়েদ: মানবপাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে যুদ্ধ করতে হবে

মানবপাচারকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সারাদেশে এবং দেশের বাইরে অবস্থান করা মানব পাচারকারীদের কঠোরভাবে প্রতিহত করার জন্য সামাজিক যুদ্ধ এবং গ্রেপ্তারের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশও দিয়েছেন তিনি। 

শনিবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিহত তিতাসের বাড়িতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরে নিহতের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া পালন করা হয়। পরে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘‘তিতাস শেখ বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সাহসী সৈনিক ছিলেন, মানবপাচারকারীদের গুলিতে আমরা তাকে হারিয়েছি। এই মানবপাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে যুদ্ধ শুরু করতে হবে৷ যেকোনো মূল্যে মানবপাচারকারীদের প্রতিহত করতে হবে। কারন, তারা দেশের শত্রু, জনগণের শত্রু।’’ 

মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘‘মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা অত্যন্ত দৃঢ়। মানবপাচারকারীদের শনাক্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে গভীরভাবে কাজ করে যাচ্ছি। কারণ, মানবপাচারকারী সিন্ডিকেট শুধু এক জায়গা নয়, দেশে-বিদেশে সব জায়গায় কাজ করে থাকে।’’

শোকসন্তপ্ত পরিবারের সমবেদনাকালে উপস্থিত ছিলো নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, নিহতের মামা ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযানকালে মানবপাচারকারীদের গুলিতে নিহত হন সেনাসদস্য তিতাস শেখ (২৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা।