যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, "দেশ স্বাধীনের পর থেকে যে মহল বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার ও কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, জনগণ তাদের পরাজিত করেছে। আবারও তারা ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।"
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত শোভাযাত্রার সমাপ্তি পর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "আসুন, আজ এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যেকোনো মূল্যে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব। এটাই হোক আজকের প্রতিজ্ঞা। প্রিয় ভাই ও বোনেরা, যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র্যালি চলমান থাকবে।"
এর আগে বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এতে অংশ নেন। শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে চারটার দিকে একটি সাজানো ট্রাকের ওপর দাঁড়িয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
দিবসটি উপলক্ষে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী মিছিলে মিছিলে শোভাযাত্রায় যোগ দেন। বিশাল এই শোভাযাত্রার কারণে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এই শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা।